কাহালুতে বিএনপি ও জাতীয় পার্টির ১২ নেতার জামায়াতে যোগদান

বগুড়ার কাহালু উপজেলায় এক নির্বাচনি সভার মধ্য দিয়ে বিএনপি ও জাতীয় পার্টির ১২ জন শীর্ষ পর্যায়ের নেতাসহ অর্ধশতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে এক নির্বাচনি গণসংযোগ সভায় তারা দলবদল করেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনি সভায় যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জামায়াতে ইসলামীতে যোগ দেয়া নেতারা হলেন, জামগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফিরোজ তালুকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, বেলাল মণ্ডল, স্বপন মণ্ডল, আইয়ুব মণ্ডল, নজরুল ইসলাম, তোতা, বাছেদ, বায়েজিদ। এ ছাড়া আরও অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ জানান, এই ওয়ার্ডের যে ১২ জন ভাই দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি দোয়া করি আমরা সারাজীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. আব্দুল লতিফ শিশির। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসূফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরসহ প্রমুখ।