অনিশ্চয়তায় ভিনিসিয়ুসের ভবিষ্যৎ

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অবিশ্বাস্য সময় পার করছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নেইমারের পড়তি ফর্মের পর সেলেসাওদের নতুন ‘পোস্টার বয়’ হিসেবে নিজেকে প্রমাণ করছেন এই লেফট উইঙ্গার। চলতি বছরে কেবল হ্যারি কেইন ছাড়া ভিনির চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ১ অ্যাসিস্টে গোল্ডেন বুট জয়ের দৌড়েও বেশ ভালোভাবেই আছেন। তিন ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে বিশ্বফুটবলে নিজের চড়া দামের বার্তা দিয়ে রেখেছেন তিনি।

তবে মাঠের এই দুর্দান্ত ফর্মের মাঝেও রিয়াল মাদ্রিদের সাথে তাঁর চুক্তির মেয়াদ কেবল ১ বছর বাকি থাকায় কিছুটা অনিশ্চয়তার দোলাচলে স্প্যানিশ ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ। নতুন চুক্তি নিয়ে আলোচনা ধীরগতিতে চলায় গুঞ্জন উঠেছিল, কিলিয়ান এমবাপেকে নিয়ে রিয়াল সামনে এগোলে হয়তো ভিনিসিয়ুসকে বিক্রি করতে হতে পারে। ভিনির সঙ্গে নতুন চুক্তি নিয়ে লম্বা সময় ধরেই কাজ করছে রিয়াল। কিন্তু ক্লাবে থাকতে বছরে প্রায় ৩ কোটি ইউরো বেতন চান ভিনি। কিন্তু এত বেশি বেতন বাড়াতে রাজি নয় রিয়াল।

তবে মাদ্রিদ জোনের বরাতে সাংবাদিক মিগুয়েল সেরানোর রিপোর্ট অনুযায়ী, চলতি গ্রীষ্মকালীন দলবদলেই ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর এই আলোচনা সফল করতে খোদ ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই ব্যক্তিগতভাবে আলোচনার হাল ধরছেন।

রিপোর্টে বলা হয়, রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ ভিনিসিয়ুসকে তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। সভাপতি পেরেজের নতুন ভালোলাগা বা ট্রান্সফার টার্গেট- বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসকে দলে ভেড়ানোর মিশন শুরু করার আগেই ভিনির চুক্তি সম্পন্ন করতে চায় লস ব্লাঙ্কোসরা।

এদিকে রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আরেকটি বড় কারণও মাইকেল ওলিসে। ফরাসি এই তারকা বর্তমানে খেলছেন বায়ার্ন মিউনিখে। তবে তারকা এই ফুটবলারের প্রতি বেশ মনোযোগী রিয়াল। ওলিসে ইতোমধ্যেই বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করে সবার উপরে আছেন। ফ্রান্সের মত রিয়ালেও এমবাপের সঙ্গে তাঁর জুটি ভয়ঙ্কর হবে ধারণা করছেন সবাই। তাই ফরাসি এই তারকাকে দলে ভেড়াতে রিয়াল ভালোভাবেই মাঠে নামবে বলেই ধারণা সবার।

এদিকে ওলিসে দলে আসলে রিয়ালে ভিনিসিয়ুসের গুরুত্ব কমতে পারে বলেই ধারণা করছেন অনেকেই। এ কারণে ভিনিসিয়ুস শেষ পর্যন্ত রিয়ালে আর কতদিন থাকবেন তা নিয়েও অনিশ্চয়তা থাকছেই।

ফ্ল্যামেঙ্গো থেকে আসার পর রিয়াল মাদ্রিদের জন্য নিজের রক্ত ও ঘাম ঝরিয়েছেন ভিনিসিয়ুস। দলের অন্যতম সেরা তারকা হিসেবে রিয়ালকে জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ভিনিসিয়ুস যে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকতে চান, তা তাঁর ক্লাব ভক্তি থেকেই স্পষ্ট। এদিকে ওলিসেকে দলে টানতে হলে রিয়ালকে ২২২ মিলিয়ন ইউরো বা তার কাছাকাছি রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে অলিসের জন্য এত বড় রেকর্ড ভাঙার আগে ঘরের ছেলে ভিনিসিয়ুসকে তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়ে তাকে ক্লাবেই রেখে দেওয়া হবে নাকি বিক্রি করে তা ওলিসেকে কিনতে খরচ করবে রিয়াল, তা নিয়ে অনিশ্চয়তা তাই থাকছেই।