আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

চাচাতো বা খালাতো ভাইবোনের মধ্যে বিয়ে বিশ্বের অনেক সমাজেই দীর্ঘদিনের প্রচলিত রীতি। পরিবারকে কাছাকাছি রাখা, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন বজায় রাখা কিংবা পারিবারিক সম্পদ রক্ষার মতো নানা কারণে এই ধরনের বিয়ে এখনও অনেক জায়গায় দেখা যায়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, কাজিনদের মধ্যে বিয়ে শুধু ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্ত নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত।

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে পরিচালিত একটি দীর্ঘমেয়াদি গবেষণা নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, ফার্স্ট কাজিন অর্থাৎ চাচাতো বা খালাতো ভাইবোনের মধ্যে বিয়ের ফলে সন্তানদের কিছু স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে।

জেনেটিক বা বংশগত রোগের ক্ষেত্রে মা–বাবা উভয়ের কাছ থেকে একই ত্রুটিপূর্ণ জিন সন্তানের শরীরে এলে রোগ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। ফার্স্ট কাজিনদের মধ্যে রক্তের সম্পর্ক থাকায় তাদের মধ্যে একই ধরনের জিন বহনের সম্ভাবনাও বেশি। ফলে সন্তানদের মধ্যে কিছু বংশগত রোগের ঝুঁকি তুলনামূলকভাবে বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের ক্ষেত্রে বংশগত রোগের ঝুঁকি যেখানে প্রায় ৩ শতাংশ, সেখানে ফার্স্ট কাজিন দম্পতির সন্তানের ক্ষেত্রে তা প্রায় ৬ শতাংশ পর্যন্ত হতে পারে।