বিশ্বকাপের উন্মাদনার মাঝে এক মর্মান্তিক সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন পেশাদার আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। দীর্ঘ ৭৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অনুসন্ধানের পর শনিবার রাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
১৯৮৭ সালে আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নেওয়া লুকাস ত্রেহো পেশাদার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, স্পেন, গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে গত ১০ বছর ধরে তিনি ভেনিজুয়েলার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতেন। বর্তমানে তিনি ভেনিজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরাতে খেলছেন। দীর্ঘদিন ভেনিজুয়েলায় খেলার সুবাদে তিনি ঘরও বেধেছেন এখানেই।
গত ২৪ জুন যখন ভেনিজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে জোড়া ভূমিকম্প আঘাত হানে, তখন ত্রেহো ক্লাবের হয়ে কোপা ভেনিজুয়েলার ম্যাচ খেলতে রাজধানী কারাকাসে ছিলেন। তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা, ছেলে আরন ত্রেহো ও মেয়ে আইনহোয়া ত্রেহো লা গুয়াইরার প্লায়া গ্র্যান্ডেতে নিজেদের অ্যাপার্টমেন্টে ছিলেন। ভবনটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
