আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে ধৈর্যশক্তি দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে গত ১৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন কবির হোসেন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই জেনারেটেড ছবিসহ বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার হয়।

বিষয়টি নজরে আসার পর কৃষি অধিদপ্তরসহ টাঙ্গাইল জেলার ঊর্ধ্বতন কর্মকতারা কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেন। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে ওঠা বিতর্কের অবসান ঘটে।