ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ: নিহত ৬০০, কোন দেশে কত?

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ: নিহত ৬০০, কোন দেশে কত
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা করার পর থেকে বিভিন্ন দেশে ৬০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ইরানেই নিহত হয়েছেন ৫৫৫।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ১০ জন, সিরিয়ায় ৪ জন, ইরাকে দুইজন, লেবাননে ৩১ জন, কুয়েতে ১ জন, আরব আমিরাতে ৩ জন নিহত হয়েছেন।

এদিকে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থী হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, এক মুহূর্তের জন্যও রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি, জনগণের হৃদয় এবং জনগণের উপস্থিতিই আমাদের এখানে টিকিয়ে রেখেছে।