ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘পকেটের লোক’ বসাতে তোড়জোড়

নিয়োগে অনিয়মসহ নানা কেলেঙ্কারিতে আলোচিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআরবি) ফের এসেছে আলোচনায়। এবারের অভিযোগের তীর বর্তমান উপাচার্য অধ্যাপক আবু জাফর খানের দিকে। জানা গেল, নিজের পছন্দের মানুষ নিয়োগ দিতে তিনি গোপনে শুরু করেছেন তোড়জোড়।

শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শকসহ পাঁচটি পদে কর্মকর্তা নিয়োগ দিতে পছন্দের ব্যক্তিদের দিয়েছেন অফার লেটারও। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছে কোটি টাকার লেনদেন, সঙ্গে প্রশাসনিক পদগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা; বলছে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র।

বিশ্ববিদ্যালয়টির নিয়োগ নিয়ে নানা কেলেঙ্কারির কারণে সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। চলমান রয়েছে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও। এসব সিদ্ধান্তকে পাশ কাটিয়েই ইআরবির শীর্ষ পাঁচ পদে চলছে নিয়োগের প্রক্রিয়া, যা উপাচার্য আর রেজিস্ট্রার ছাড়া জানেন না কেউ।