এত বড় দলের ভাগ্যে কী আছে, তা ঠিক করে দেবে ছোট দুই দল!

আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু এরপর খেই হারায় দলটি। অপ্রত্যাশিতভাবে পরের ম্যাচে হেরে বসে জিম্বাবুয়ের কাছে। সে হারের ধাক্কা সামলে ওঠার আগেই গতকাল সোমবার আবারও হারের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের এ হারে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজছে ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।

গতকাল পাল্লেকেলেতে আগে ব্যাটিং করে দুই ওপেনার মিচেল মার্শ (২৭ বলে ৫৪) ও ট্রাভিস হেডের (২৯ বলে ৫৬) ফিফটিতে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। রান তাড়ায় পাতুম নিশাঙ্কার দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরিতে (৫২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০০*) ইনিংসের ১২ বল হাতে রেখেই জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। একই সঙ্গে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই সুপার এইট নিশ্চিত করল লঙ্কানরা।

শ্রীলঙ্কা যেখানে তিন ম্যাচের তিনটিতেই জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে, সেখানে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে এখন অন্যের হাতে। এমনকি টুর্নামেন্ট থেকে আজই বিদায় ঘটতে পারে তাসমান পারের দেশটির।

সেটা কীভাবে? ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার ওপরে শ্রীলঙ্কা। দুই থাকা জিম্বাবুয়ে ২ ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট অর্জন করেছে। আর ৩ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ বাকি আর একটি। ওই ম্যাচ জিতলে মিচেল মার্শের দলের পয়েন্ট হবে ৪। অন্যদিকে দুই ম্যাচ হাতে রাখা জিম্বাবুয়ে এরই মধ্যে ৪ পয়েন্ট নিয়ে বসে আছে। রান রেটেও এগিয়ে থাকা জিম্বাবুয়ে আজ নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এ ম্যাচে আইরিশদের হারাতে পারলেই ৬ পয়েন্ট হবে জিম্বাবুয়ের। অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে তখন পরের রাউন্ডে যাবে জিম্বাবুয়ে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হবে শুধুই নিয়মরক্ষার!