বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে উপুর্যুপরি জুতা পেটা করছেন।
জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অশালীন কথা বলেন এবং অশালীন মেসেজ পাঠান। তার আচরণে নারী প্রশিক্ষণার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন। এক পর্যায়ে গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী আলী আজম সাব্বিরকে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর একটি কক্ষে আটকে রেখে জুতা পেটা করেন। এ সময় আলী আজম সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা পেটা করেন। পরে আলী আজম সাব্বির দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে।
