কঠিন সিদ্ধান্ত নিলো আ.লীগের ৪ নেতা

বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন চার নেতা।

তারা হলেন- বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রূপালী বাংলা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ ও মাহমুদা অটো রাইস মিলের সত্ত্বাধিকারী মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রুমানা অটো রাইস মিলের সত্ত্বাধিকারী রকিবুল ইসলাম বাবু।

মঙ্গলবার দুপুরে বিরল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম আব্দুল লতিফ।

এ সময় মোফাচ্ছেল হক ছেলু, সাজ্জাদ হোসেন সাজু ও রকিবুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। এরইসঙ্গে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম যা আমাদের সমাজের সাধারণ মানুষের মাঝে ভালোভাবে নেয়া হচ্ছে না। তাই আমরা এখন থেকে আর কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবো না ঘোষণা করছি এবং আমাদের অতীতের কোনো পদ পদবী আজ থেকে আর কোথাও ব্যাবহার করা হবে না বলে ঘোষণা প্রদান করছি। আমরা সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করব এবং জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করব।

তারা বলেন, আমাদের সব রাজনৈতিক পরিচয় হতে আমরা অব্যাহতি গ্রহণপূর্বক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করছি। সর্বমহলে সাধারণ মানুষের মত জীবনযাপনে অঙ্গীকারাবদ্ধ হলাম।