কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বাছির কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’