ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’ পরীক্ষা নিয়ে মুখ খুলল ভারত

ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’ পরীক্ষা নিয়ে মুখ খুলল ভারত
উচ্চক্ষমতাসম্পন্ন ও এমআইআরভি প্রযুক্তির বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ‘অগ্নি’-র পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে ভারত।

শুক্রবার ওডিশার ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের ফ্লাইট-ট্রায়াল পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) জানায়, পরীক্ষাকালে ক্ষেপণাস্ত্রটি একাধিক পে-লোড বহন করে ভারত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

সরকারি বিবৃতিতে বলা হয়, উৎক্ষেপণের শুরু থেকে সব পে-লোডের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত পুরো মিশন পর্যবেক্ষণে একাধিক স্থলভিত্তিক ও জাহাজভিত্তিক ট্র্যাকিং স্টেশন কাজ করেছে। সংগৃহীত ফ্লাইট ডেটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে পরীক্ষার সব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই সাফল্য দেশের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় ভারতকে আরও শক্তিশালী করবে।

ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’-র সফল পরীক্ষার মাধ্যমে ভারত এখন একটি মাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করল।

তথ্যসূত্র: নিউজ এইটিন