চবি ছাত্রীকে দোকান কর্মচারীর শ্লীলতাহানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশনে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহিন শেখ (২৫) নামে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।

পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম শহরমুখী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় শাহিন শেখ তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দেন। পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। একই রাতে ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা করলে মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে আলোচনা করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।