ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর হাসপাতালে মিরাজ

রাইলি মেরেডিথের দেওয়া বাউন্সারে দুর্দান্ত এক হুক শট মেহেদী হাসান মিরাজের! বল সোজা সীমানার বাইরে। আম্পায়ার দুই হাত উঁচু করে ছক্কার ঘোষণা দিতেই উল্লাস ফেঁটে পড়ে পুরো মিরপুর স্টেডিয়াম। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে টাইগাররা।

কিন্তু যার ব্যাট থেকে আসে উইনিং রান, সেই মেহেদী হাসান মিরাজ জয়ের উল্লাসটা ভালোভাবে করতে পারেনি। ম্যাচের মধ্যে ঘটনা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালে যেতে হয়েছে তাকে।

ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে। নাথান এলিসের করা এক বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের অধিনায়ক। খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা। প্রথমে মনে হচ্ছিলো মাঠ ছেড়ে ওঠে যাবেন মিরাজ। কিন্তু ওই অবস্থাতেই ব্যাট করে যান এই অলরাউন্ডার। আর ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিরাজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেবে না। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সিটি স্ক্যানের পর তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।