মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত এবং তার এক ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এ সময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
