সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি : শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশের ঐতিহ্যবাহী তাওহীদবাদী সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একমাত্র যুব সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশে-এর উদ্যোগে দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি জেলায় শীতবস্ত্র হিসেবে কম্বল পাঠানো ও বিতরণ করা হয়েছে। জেলাগুলো হলো— ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, নওগাঁ (পশ্চিম), ঢাকা মহানগর দক্ষিণ, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, নাটোর, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, গাজীপুর মহানগর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও সিলেট।
প্রতিটি এলাকায় স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে দরিদ্র, ছিন্নমূল, দিনমজুর, বৃদ্ধ ও শীতার্ত মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস-এর নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের সামর্থ্যবানদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে ইনশাআল্লাহ।
কম্বলপ্রাপ্তরা সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়ার মাধ্যমে কর্মসূচির সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, শিক্ষা সহায়তা ও বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
