জামায়াতে যোগ দিলেন মুফতি আব্দুর রহমান রাহমানী

দেশের বিশিষ্ট আলেম মুফতি আব্দুর রহমান রাহমানী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সদস্য ফর্ম পূরণ করেন। দলের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মুফতি আব্দুর রহমান রাহমানী দেশের প্রসিদ্ধ কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করেছেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি রাহমানিয়া মাদ্রাসা থেকে ফারেগ হন। পরে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অধীনে ২০০৬ সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ নিয়ে সারা দেশে চতুর্থ স্থান অর্জন করেন।

দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর থেকে আব্দুর রহমান রাহমানী রাজধানী ঢাকার একাধিক বড় ও প্রসিদ্ধ কওমি মাদ্রাসায় বুখারী শরীফসহ বিভিন্ন হাদিসের কিতাব পাঠদান করে আসছেন এবং বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। রাজধানী ঢাকার প্রায় ৩০টি কওমি মাদ্রাসার মুহতামীম তাঁর ছাত্র এবং সারা দেশে তাঁর হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন।