তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। পাশাপাশি এসব দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সর্বশেষসংবাদ

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) ডিআরসি, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে সৌদিতে আসতে চাইলেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে উল্লিখিত তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত পেরিয়ে সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি এবং মহামারি মোকাবিলা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া ইবোলা-আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও সতর্কতা বাড়ানো হয়েছে। দেশের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তে নজরদারি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন এসব পদক্ষেপ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব প্রস্তুত রয়েছে।