নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সন্তানদের ক্ষতির ভয় দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়।
ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিরাব এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।
শনিবার সকালে গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
