দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান নোবেল বিজয়ী

দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান নোবেল বিজয়ী মাচাদো
দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান নোবেল বিজয়ী মাচাদো
ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া করিনা মাচাদো। একই সঙ্গে ২০২৬ সালের শেষ হওয়ার আগেই দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন মাচাদো। খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

গত বছরের ডিসেম্বরে প্রায় ১১ মাস আত্মগোপনে থাকার পর ভেনেজুয়েলা ছাড়েন মারিয়া করিনা মাচাদো। পরে তিনি নরওয়েতে যান এবং সেখানে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভেনেজুয়েলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তন আনতে বিরোধী দলগুলো একসঙ্গে কাজ করছে। তার ভাষায়, দেশের ভেতরে ও বাইরে থাকা সব ভেনেজুয়েলীয় নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে চান তারা।

তবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন কবে হবে, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করছে। বিশেষ করে তেলের উচ্চমূল্যের এই সময়ে ভেনেজুয়েলার জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় দুই পক্ষের যোগাযোগ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আসে। এরপর ওয়াশিংটন মাচাদোকে পাশ কাটিয়ে সরকারি দলের ঘনিষ্ঠ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ স্থায়ীভাবে শূন্য হলে ৩০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।