মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপের ফুটবলে আলোচনার কেন্দ্রে এসেছেন মিসরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আফ্রিকার শক্তিশালী ক্লাব আল আহলির সিনিয়র দলে সদ্য অভিষেক এবং অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি নজরে এসেছেন ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। তবে এই প্রতিভাবান ফুটবলারকে দলে টানার দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, কাতালান ক্লাবটি চলতি বছরের শেষের মধ্যেই হামজার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চাইছে এবং আলোচনা অনেকটাই এগিয়েছে। বার্সেলোনার পরিকল্পনা হলো- প্রথম ধাপে তাকে ধারে নিয়ে পরবর্তীতে কেনার বিকল্প (অপশন) রাখা। জানুয়ারির শুরুতেই তিনি বার্সা অ্যাতলেটিকে যোগ দিতে পারেন, যেখানে তিনি যুবদল কোচ জুলিয়ানো বেলেত্তির অধীনে খেলবেন।
চুক্তির এই কাঠামো অনেকটাই মিলে যায় লাস পালমাস থেকে পেদ্রিকে আনার সময় বার্সেলোনা যে মডেল ব্যবহার করেছিল, তার সঙ্গে।
জানা গেছে, বার্সেলোনায় যোগ দেয়ার ব্যাপারে হামজা নিজেই অত্যন্ত আগ্রহী। ইউরোপে সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ ফরোয়ার্ড বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো ক্লাবের সঙ্গে আলোচনা বন্ধ করে দেন। বার্সা তাকে আগামী গ্রীষ্মে সিনিয়র দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে রাখার প্রতিশ্রুতি দেয়ায় খেলোয়াড় ও তার পরিবার কাতালুনিয়ায় যেতে আরও বেশি রাজি হয়েছেন।
আল আহলি নীতিগতভাবে হামজাকে ছাড়তে রাজি হলেও চাইছে ভালো আর্থিক কাঠামো। মিসরীয় ক্লাবটি বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখার চেষ্টা করছে।
হামজাকে সম্প্রতি কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্কাউট করেছিল কাতালান ক্লাবটি। গোল করার সামর্থ্য এবং তীক্ষ্ণ পজিশনিং দেখে তার ব্যাপারে ইতিবাচক রিপোর্ট দেয় স্কাউট দল। আগামী জানুয়ারিতেই ১৮ বছর পূর্ণ করবেন হামজা, ফলে বয়সজনিত কোনো বিধিনিষেধ ছাড়াই চুক্তি কার্যকর করতে কোনো বাধা থাকছে না।
বার্সেলোনার ফরোয়ার্ড ঘাটতি বিবেচনায় এই তরুণকে নিয়েই নতুন পরিকল্পনা সাজাচ্ছে ক্লাবটি। সব কিছু ঠিক থাকলে বছরের শেষেই তার বার্সায় যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
