ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাতটি রাজনৈতিক দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নোটিশে কেন ১০ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, নির্ধারিত সময় ও পরে বাড়তি সময় দেওয়ার পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), এবি পার্টি, আমজনতার দল, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) ব্যয়ের হিসাব জমা দেয়নি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা না দিলে কমিশন প্রথমে সতর্কতামূলক নোটিশ দেয়। এরপরও হিসাব জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা করে আরও ১৫ দিন সময় দেওয়া হয়। তাতেও ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
অন্যদিকে, নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া দুই প্রার্থীর বিষয়ে আপাতত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েছে কমিশন। ইসি জানিয়েছে, দুই হাজারের বেশি প্রার্থীর মধ্যে মাত্র দুজন হিসাব জমা দেননি। তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে খোঁজ নিয়ে ব্যয়ের হিসাব সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
