পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরীকে সর্মথন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’র সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-১ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো একক নির্বাচনি কৌশল নয় বরং এটি পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও রাজনৈতিক ঐক্যের বহিঃপ্রকাশ। পটুয়াখালী-১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।
এদিকে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর শহিদুল ইসলাম ফাহিমকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় জেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
