প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথে আসছেন যে ৬ দেশের প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে ৬ দেশের প্রতিনিধি দল ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওর বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশ নেয়ার জন্য ভারত-পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।