প্রেমঘটিত বিরোধে প্রতিবেশীকে হত্যা জামাই-শাশুড়ির, অতঃপর…

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রেমঘটিত বিরোধের জেরে রাজু মিয়া (১৯) নামে একজনকে হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ ও তার শাশুড়ি ফাতেমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজের সার্বিক দিকনির্দেশনায় ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাজহার, রাজ্জাক ও সুমনের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৭ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের ফৌজদারি মোড় এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও ঘটনার সময় পরিহিত থ্রি-পিস পোশাক উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার শাশুড়ি ফাতেমাকেও গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, নিহত রাজুর সঙ্গে প্রতিবেশী তুসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুজন পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তুসির বোনের স্বামী ফিরোজ। যদিও পরে উভয় পরিবারের সম্মতিতে সামাজিক বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। তবে সেই সমাধান মেনে নিতে পারেননি ফিরোজ ও তার শাশুড়ি ফাতেমা। অভিযোগ রয়েছে, ফাতেমার ইন্ধনে পরিকল্পনা করে ফিরোজ রাজুকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন এবং মরদেহ গোপন করতে বালুর মধ্যে পুঁতে রাখেন। এর পাঁচদিন পর দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মামলার তদন্তে নেমে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।