বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেল বিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেছে বিয়ে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে। এছাড়াও বরপক্ষ কর্তৃক কনে পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কনে পক্ষের লোকজন জানান, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসে। এ সময় মজার ছলে কণে পক্ষের ছোটরদ বরের জুতা লুকিয়ে রাখে। পরে এ বিষয় কে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এ সময় কনের বাড়ির টেবিল চেয়ার ও ঘরবাড়ি ভাঙচুর করে।

কনের খালা খাদিজা বেগম বলেন, বিয়ের দিন বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনি সোনার চেনের ব্যবস্থা করেছিলাম। এ ছাড়া আমরা প্রায় ২০০ লোকের খাবারের আয়োজন করেছিলাম। বর পক্ষ বিয়ে করবে না বলে চলে গেলে আমাদের সব খাবার নষ্ট হয়।

এদিকে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ ও ভাংচুরের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।