নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি জানান, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে এ সিদ্ধান্তের পক্ষেই থাকবেন তিনি।
মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে ভারত-বাংলাদেশের দু’দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যস্থতায়ও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয় বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে। ঘটনার বাঁকে চলে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির চেয়ারম্যানের বরাতে দেশটির একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি এই ইস্যুতে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির ‘সুরেই’ কথা বলেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে দেখার বিষয়, পাকিস্তান শেষ পর্যন্ত কী করে।’
বর্তমান পিসিবি সভাপতিকে সমর্থন দিয়ে তিনি আরও বলেন, ‘মহসিন নাকভি খেলাটি বোঝেন এবং সকল দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্তই নিন না কেন তা সঠিক হবে। যদি পাকিস্তানের পর আরও কিছু দেশ একই পথে হাঁটে, তাহলে আইসিসি বুঝতে সক্ষম হবে সংস্থাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, এটি ভারতীয় ক্রিকেট সংস্থা নয়।’
এই ইস্যুতে ঢাকার (বাংলাদেশ সরকার) অবস্থানকেও স্বাগত জানিয়েছেন নাজাম শেঠি। তার দৃষ্টিতে এটি বৈশ্বিক ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যু এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার মধ্য দিয়ে যে ঘটনার সূত্রপাত।
পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, বিশ্বকাপে খেললে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তর করার। তবে এই প্রস্তাবের বিপরীতে ভার্চুয়াল মিটিং এবং ই-মেইল আদান-প্রদান হলেও দৃশ্যত কোনো পরিবর্তনই হয়নি বিশ্বকাপের সূচিতে।
