অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা। তারা একটি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত শিশুটির নাম সাম আবু হাইকাল। তার বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বেথলেহেমে বসবাস করতেন।
শুক্রবার (৫ জুন) ফাহাদ আবু হাইকাল পরিবারসহ হেবরনের কেন্দ্রীয় তেল রুমেদা এলাকায় মায়ের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি প্রথমে ফাহাদের হাতে লাগে, এরপর সেটি তার স্ত্রীর শরীর ভেদ করে সাত মাস বয়সী শিশু সাম আবু হাইকালের চোয়ালে আঘাত হানে।
তিনজনকেই দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার বাবা ও মা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইসরায়েলি সামরিক অভিযান, গ্রেপ্তার এবং বসতি সম্প্রসারণের ঘটনা।
সূত্র: মিডল ইস্ট মনিটর
