খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে।
নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসে ছিলেন রফিক। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
