বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিলেও শেষপর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। ২ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা।। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 

পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল মূলত বাংলাদেশের সমর্থনে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয়- নিরাপত্তা ঝুঁকি যেখানে, সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের আবেদন।

ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়। আইসিসির সদস্য দেশদের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান। এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে।