বিশ্বকাপে ব্রাজিলের ১, ৭, ৯, ১০ ও ১১ নম্বর জার্সি পরবেন যারা

বিশ্বকাপের আর বেশি দেরি নেই। এরই মধ্যে ব্রাজিলজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে ব্যস্ত কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের পরিকল্পনাও অনেকটাই স্পষ্ট বলে মনে হচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। প্রতিবেদন এএস স্পোর্টসের।

সবচেয়ে বেশি আলোচনায় ছিল ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপে তিনি ১০ নম্বর জার্সি নেইমারের জন্য ছেড়ে দেবেন। শেষ পর্যন্ত নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ফলে ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি নম্বরটি আবারও ফিরে পেয়েছেন নেইমার। ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন সান্তোসের এই তারকা। অন্যদিকে ভিনিসিয়ুস পরবেন ৭ নম্বর জার্সি, যা তিনি ক্লাব ও জাতীয় দল; দুই জায়গাতেই এর আগে পরেছেন।

গে হাসপাতালে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল শিবির
এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা কাসেমিরো পরবেন তার পরিচিত ৫ নম্বর জার্সি। ব্রাজিলের হয়ে বহু বছর ধরে এই নম্বরেই খেলেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। বিশ্বকাপেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাকে দেখা হচ্ছে। ১ নম্বর পরবেন যথারীতি আলিসন। আর ৯ নম্বর যাচ্ছে মাতেউস কুনিয়ার গায়ে।

আসন্ন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে এন্দ্রিক ও রাফিনিয়ার। এদের মধ্যে এন্দ্রিক পরবেন ১৯ নম্বর এবং রাফিনিয়া ১১ নম্বর জার্সি। রদ্রিগোর চোটের কারণে এবার ১১ নম্বর জার্সিটি পেয়েছেন রাফিনিয়া।

ব্রাজিল স্কোয়াড ও তাদের জার্সি নম্বর
আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।