বিশ্বকাপের হতাশাজনক অভিযান শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন চেক প্রজাতন্ত্রের তারকা ফরোয়ার্ড প্যাট্রিক শিক। গ্রুপ পর্ব থেকেই চেকদের বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলের হয়ে নিজের পথচলার সমাপ্তি টানার ঘোষণা দেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।
শিক জানিয়েছেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিক কোনো আবেগ বা হতাশা থেকে নেয়া নয়। বরং দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে ভেবেচিন্তেই তিনি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, জাতীয় দলের সঙ্গে তার গল্প আজ শেষ হচ্ছে এবং এটি এমন কোনো সিদ্ধান্ত নয়, যা রাতারাতি নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিন ম্যাচে তারা জয়হীন থাকে। দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু করা দলটি পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলের বড় পরাজয়ের মধ্য দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।
২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর চেক প্রজাতন্ত্রের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় হয়ে উঠেছিলেন শিক। দেশের হয়ে ৫৬টি ম্যাচ খেলে তিনি করেছেন ২৬ গোল। জাতীয় দলের হয়ে খেলেছেন ইউরো ২০২০, ইউরো ২০২৪ এবং সর্বশেষ ২০২৬ বিশ্বকাপে।
বিদায়ী বার্তায় জাতীয় দলের হয়ে কাটানো সময়কে গর্বের সঙ্গে স্মরণ করেন শিক। তিনি বলেন, এই যাত্রায় ছিল আবেগ, আনন্দ, হতাশা, জয় এবং কঠিন মুহূর্তের মিশেল। জাতীয় দলের জন্য তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে চেক ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন এই ফরোয়ার্ড। তার মতে, দেশটির ফুটবলের সামর্থ্য বর্তমান অবস্থানের চেয়ে অনেক বেশি। তবে এই মন্তব্য কোনো ক্ষোভ বা হতাশা থেকে নয়, বরং জাতীয় দলের প্রতি ভালোবাসা থেকেই করেছেন বলে জানান তিনি। শিকের বিশ্বাস, সাম্প্রতিক বছরগুলোতে চেক ফুটবল যা অর্জন করেছে, তার চেয়েও অনেক উঁচু পর্যায়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের।
