ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। আসছে জানুয়ারিতে শুরু হবে এই কার্যক্রম।
গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, আরবি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ ভাষা।
এ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তত্ত্বীয় জ্ঞানের ভান্ডার। বিশ্বের ৪০০ মিলিয়নের বেশি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার উৎকর্ষ ও সৌকর্য বৃদ্ধির ক্ষেত্রে আবরদের চেয়ে অনারব অঞ্চলের মানুষের ভূমিকা কম নয় বলে মন্তব্য করেন তিনি। ধর্ম উপদেষ্টা আরো বলেন, আরবি বিভাগে যারা লেখাপড়া করেন তাদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপের দরজা খোলা আছে। আরববিশ্ব, তুরস্ক এমনকি ইংল্যান্ডেও আরবিতে পড়ে এমফিল, পিএইচডি, এমএ করার সুযোগ রয়েছে। শিক্ষাঙ্গণের রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে উপদেষ্টা বলেন,
শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বাধা। শিক্ষক নেবো আমার দলের, শিক্ষক বানাবো আমার কর্মীকে-এই কালচার পরিহার করতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক কেন্দ্র পরিণত হতে দেয়া উচিত নয়। শিক্ষাঙ্গণকে দলীয়করণের মানসিকতাকে বদলানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি। আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
