বেনজীরকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশ কে আমিরাতের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে নিতে আগামী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়েছে।

জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রার সময় দুবাইয়ে ট্রানজিট অবস্থায় গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতে এ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ (নং-A-5174/4-2025) অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

আইন অনুযায়ী, এ গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে।

আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে।