লালমনিরহাটের কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ রুখতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ মে) ভোররাতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ কলসিরমুখ বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া নামক স্থানে বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ভারত থেকে একটি চোরাকারবারী দলকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা।
চোরাকারবারীরা বিজিবির টহল দলের কাছাকাছি এলে তাদের চ্যালেঞ্জ করা হয়। কিন্তু বিজিবির নিষেধাজ্ঞা অমান্য করে তারা অগ্রসরের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করার উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা ফায়ার করেন। গুলির শব্দে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলসিরমুখ বিওপি এলাকায় নিয়মিত টহল চলাকালীন সীমান্ত সংলগ্ন একটি ব্রিজের নিচ দিয়ে দু’জন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। কর্তব্যরত টহল দল প্রথমে তাদের জোর গলায় চিৎকার করে সতর্ক করে। কিন্তু তারা সেই সতর্কবার্তা না শুনে এগিয়ে আসার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এরপরই ওই দুই চোরাকারবারী দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
