টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক ক্যাম্পাস সাংবাদিকের পকেট থেকে মানিব্যাগ পড়ে যাওয়ার পর তা তুলে নিয়ে গেছেন এক ছাত্রদল নেতা। ওই নেতার নাম মো. আখিল আহমেদ। তিনি মাভাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগী সুজন চন্দ্র দাশ একটি অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি জানান, গত ২৫ জানুয়ারি আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার মানিব্যাগটি পকেট থেকে পড়ে যায়। খাবার শেষে মানিব্যাগটি না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় ঘটনাস্থলে থাকা মাভাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা পাওয়ার কথা অস্বীকার করেন।
পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে সেখানে একজন শিক্ষার্থীকে মানিব্যাগটি তুলে নিতে দেখা যায়, যিনি মো. আখিল আহমেদ বলে শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আলোচনার মাধ্যমে মানিব্যাগটি সুজন চন্দ্র দাশের কাছে ফেরত দেয়া হয়।
এ বিষয়ে মো. আখিল আহমেদ বলেন, আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে দিতে পারিনি, একদিন পর দিয়েছি।
