আইপিএলের মিনি নিলামের টেবিলে অনেক কাড়াকাড়ি শেষে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দামের রেকর্ড গড়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। অথচ সেই ফিজেরই কিনা আইপিএল খেলা হচ্ছে না। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সাম্প্রতিক পরিস্থিতির জেরে মুস্তাফিজকে বয়কটের ডাক দেন ভারতীয়দের একটি অংশ। সাথে কেকেআরকে নিয়েও তাদের ক্ষোভ ছিল চরমে। ভারতজুড়ে চলা তুমুল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেন মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে।
বিসিসিআইয়ের নির্দেশনার ব্যাপারে মুখ খোলে কেকেআরও। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা মোতাবেক কেকেআর দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। এখানে বিসিসিআই কলকাতাকে একজন বদলি ক্রিকেটার নেওয়ার সুযোগ দেবে।
তবে প্রশ্ন উঠছে, ফিজকে কেকেআর ছেড়ে দিলে তার ৯ কোটি ২০ লাখ রুপির কী হবে? এই দামেই কেকেআরে খেলার কথা ছিল মুস্তাফিজের। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার দল পাওয়ার পর স্বেচ্ছায় নাম সরিয়ে নিলে এবং কোনো প্রকার চোট বা পারিবারিক সমস্যা না থাকলে সেই ক্রিকেটার কোনো পারিশ্রমিক পান না এবং দুই বছরের জন্য নিষিদ্ধ হন। একই নিয়ম খাটে কেউ চোটের কারণে পুরো মৌসুমে এক ম্যাচও খেলতে না পারলে। তবে মুস্তাফিজের বিষয়টি ভিন্ন।
অন্যান্য সময়ের মত ফিজের এনওসি নিয়ে তেমন জটিলতা এবার ছিল না। ৮ দিনের জন্য ফিজকে বাংলাদেশে ফেরত আনা বাদে বাকি পুরো সময় তাকে আইপিএলে খেলানোর ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। এখনও পর্যন্ত মুস্তাফিজের কোনো চোট সমস্যাও নেই। তিনি নিজ থেকেও নাম সরাননি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিসিসিআইয়ের নির্দেশের কারণে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেকেআর। সাথে বদলি ক্রিকেটার নেওয়ার ব্যাপারেও দেওয়া হয়েছে ইতিবাচক নির্দেশনা।
আইপিএলের নীতিমালা অনুযায়ী, বিসিসিআই কোনো ক্রিকেটারকে আইপিএলের দল থেকে বাদ দিতে বললে সেই ক্রিকেটারকে কেনার পুরো টাকা আইপিএলের সেই দল ফেরত পেয়ে যায়। মুস্তাফিজের ক্ষেত্রে এটিই ঘটেছে। ফলে নিয়ম অনুযায়ী, ৯.২০ কোটি রুপির পুরোটা ফেরত পাবে কলকাতা নাইট রাইডার্স, কিছুই পাবেন না ফিজ।
মুস্তাফিজের এই পরিস্থিতিকে দৈব দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেখানে নিজেদের নিয়ন্ত্রণে নেই এমন কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো ক্রিকেটারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি। কেকেআর স্বাভাবিকভাবেই নিলাম থেকে দলে টানে মুস্তাফিজকে। তবে পরিস্থিতি বদলে যাওয়ার কারণে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী ফিজকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে এখানে মুস্তাফিজের সাথে চুক্তির আর্থিক ব্যাপার পরিশোধের ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নেই কেকেআরের। কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে যদি মুস্তাফিজ কেকেআরের কাছে ক্ষতিপূরণ চেয়ে বসেন।
বিসিসিআই সচিব সাইকিয়া বলেছিলেন, মুস্তাফিজের জায়গায় বদলি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ থাকবে কেকেআরের। তবে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেননি। বদলি ক্রিকেটার দলে টানার সুযোগ দেওয়া মানে নিলাম থেকে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে কাউকে দলে টানার সুযোগ। সেক্ষেত্রে কেকেআরের পার্সে বাকি আছে কেবল ৪৫ লাখ রুপি। এই দামে ফিজের বদলি ক্রিকেটার পাওয়া কঠিন হবে তাদের জন্য। সাথে ফিজের ৯ কোটি ২০ লাখ রুপিও এমন কারণে কেকেআর হারাবে যেখানে তাদের কোনো অবদান ছিল না।
ফলে ৯ কোটি ২০ লাখ রুপি কেকেআরকে রিফান্ড বা ফেরত দেওয়াই আইপিএলের নিয়ম অনুযায়ী যুক্তি সংগত। মুস্তাফিজ পাচ্ছেন না এক পয়সাও। ব্যাপারটি জটিল হয়ে উঠবে ফিজ কেকেআর বা আইপিএল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইলে।
বিস্তারিত:
