পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা জটিলতায় আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের আদেশেই ওই দুই আসনে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।
