রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

নিজের ক্যারিয়ারের দিকে সময় দিতে চান তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু।

রোববার ( ৩ মে) দুপুরে তার নিজ আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। সাদ বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মাজহারুল ইসলাম খাদেমের পুত্র।

সাদ বাবুর ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রিয় জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল ও মূল সংগঠন বিএনপির নেতাকর্মীর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মো. সাদ বাবু ২০১৮-১৯ সাল থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলাম। দলের দুঃসময়ের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক সময় ব্যয় করে দিয়েছি ও নিজের ক্যারিয়ার অনেকটাই ক্ষতি করেছি। এখন আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই। তাই আর রাজনীতিতে ফিরতে চাই না। অতএব আমি জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল এর দৃষ্টি আকর্ষণ করছি যে আমি পুরোপুরি ভাবে ছাত্রদল থেকে অব্যাহতি নিলাম। কারো সাথে অন্যায় ও খারাপ আচরণ করলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

এ বিষয়ে মো. সাদ বাবু বলেন, ‘রাজনীতিতে সময় দিয়ে আমার ক্যারিয়ারের অনেকটা ক্ষতি করে ফেলেছি। এখন ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার সময়। তাই রাজনীতিতে আর ফিরছি না।’