রোনালদোকে কেন ৯০ মিনিট খেলানো হলো, ব্যাখ্যা দিলেন কোচ

স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগালের বিশ্বকাপ বিদায়ের পর থেকেই কোচ রবার্তো মার্তিনেজের কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠে রাখা এবং ফর্মে থাকা গনসালো রামোসকে এক মিনিটও সুযোগ না দেওয়া নিয়ে ফুটবলবোদ্ধাদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনার বিপরীতে নিজের সিদ্ধান্তকে যৌক্তিক বলেই দাবি করেছেন এই স্প্যানিশ কোচ।

সংবাদ সম্মেলনে কোচ মার্তিনেজ রোনালদোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘দল যখন একটি গোলের জন্য লড়ছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়া যায় না। সে ৯০ মিনিট খেলতে পারে, এতে কোনো সমস্যা নেই। শুধু তার উপস্থিতিই প্রতিপক্ষের রক্ষণে প্রভাব ফেলে। সে জায়গা তৈরি করে দেয়, সেট পিসে কিংবা বক্সের ভেতরে যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে। তাই ৯০ মিনিটে তাকে তুলে নেওয়ার কোনো অর্থ ছিল না।’

মার্তিনেজের মতে, ষষ্ঠ বিশ্বকাপে ২৭তম ম্যাচ খেলতে নামা রোনালদোর অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা দলের জন্য অত্যন্ত জরুরি ছিল। তিনি বলেন, ‘আমি যখন পর্তুগালের দায়িত্ব নিয়েছিলাম, তখন ক্রিস্টিয়ানোকে নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু সে শুধু গোল বা অ্যাসিস্টে নয়, প্রতিশ্রুতি, নিবেদন আর ফুটবলকে যেভাবে ধারণ করে, সব দিক থেকেই অনুকরণীয় একজন হয়ে উঠেছে। তাকে উদ্‌যাপন করা উচিত।’

আল নাসর তারকাকে নিয়ে মার্তিনেজ আরও বলেন, ‘আমরা ফুটবলের এক আইকনকে নিয়ে কথা বলছি। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় খুব বেশি নেই। এই বিশ্বকাপে সে যা করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে, এমনকি মানুষ হিসেবেও সে আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জায়গায় খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন রামোস। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার এবারের আসরের শেষ বত্রিশে ক্রোয়েশিয়ার বিপক্ষেও বদলি নেমে গোল করেছিলেন। তাঁকে না খেলানোর বিষয়ে পর্তুগাল কোচ বলেন, ‘অতিরিক্ত সময়ে হয়তো গনসালো রামোসকে ব্যবহার করার সুযোগ আসত। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত দলের কাঠামো ঠিক রাখাই গুরুত্বপূর্ণ ছিল।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই নিজের ভবিষ্যতের বিষয়েও বড় ঘোষণা দিয়েছেন পর্তুগাল কোচ। তিনি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমেই পর্তুগালের কোচ হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি ঘটছে। মার্তিনেজ বলেন, ‘পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। সেটা হয়নি। এখন আর চালিয়ে যাওয়ার মানে হয় না। এখানেই আমার শেষ।

পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৭তম বিশ্বকাপ ম্যাচে তার নিষ্প্রভ পারফরম্যান্স এবং দলের এই বিদায় পর্তুগিজ ফুটবল ভক্তদের জন্য এক বড় আক্ষেপ হয়েই থাকল। তবে কোচ মার্তিনেজের এই বিদায় ঘোষণার মাধ্যমে পর্তুগাল দলের জন্য নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।