চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে আরবি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরকর্মী আলী আহসান মুজাহিদের সঙ্গে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছে শাখা ছাত্রশিবির।
সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আলী আহসান মুজাহিদ একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্রাব্য ও অশালীন ভাষায় যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। পোস্টে প্রদত্ত স্ক্রিনশটগুলোতে দেখা গেছে, আলী আহসান মুজাহিদ খুবই কুরুচিপূর্ণ, অশালীন ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন। যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন, সৎ, মানবিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। কিন্তু আলী আহসান মুজাহিদ যে শব্দচয়নে মন্তব্য করেছেন তা ছাত্রশিবিরের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমন হীন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হলো। আলী আহসান মুজাহিদের এহেন অপরাধের যথাযথ বিচার নিশ্চিতে ইসলামী ছাত্রশিবির সার্বিক সহযোগিতা প্রদান করবে।
