স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি প্রাথমিক রোডম্যাপ করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি মাসের শেষদিকে চূড়ান্ত রোডম্যাপ জানা যেতে পারে। এ বছর অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী পরবর্তী অক্টোবরে শেষ হবে।
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরার মেশিন সচল করে হাজিরার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টারের ব্যবস্থা করা হবে।
উদার গণতান্ত্রিক মধ্যপন্থি রাজনীতির যে কথা বিএনপি বলে, নজরুলের রচনার সাথে সেটির মিল আছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যৌথভাবে স্কুলে গিয়ে বই পড়া কর্মসূচি শুরু হবে। প্রথমে পাইলট প্রকল্প আকারে এটি চালু হবে। শিশুদের সৃজনশীল মননশীল কাজে যুক্ত করতে পারলে সেটি রাষ্ট্রের জন্য ভালো।
১৬ জুলাই শহীদ দিবস পালিত হবে উল্লেখ করে তিনি বলেন, জাতির মননে জুলাইকে জাগিয়ে রাখতে চায় সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত আদালত নেবেন।
ডা. জাহেদ বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। কোথাও না কোথাও সমস্যা আছে বলে স্বীকার করে নিচ্ছে সরকার। তদন্ত করে ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ।
ডা. জাহেদ আরও বলেন, সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক, এটির প্রতিবাদ জানাই। সরকারের কাজ প্রতিবাদ জানানো নয়, তার প্রধান কাজ তদন্ত করা এবং জড়িতদের ধরা। নাহিদ ইসলাম রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটির অধিকারও তার আছে। সরকার অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করেছে, দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে আশা করি। সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরেও অঘটন ঘটতে পারে। কিন্তু সরকার সেটিকে আমলে নিচ্ছে কিনা এটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে, সরকার আমলে নিচ্ছে।
পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, এজন্য লেগে থাকতে হবে, ফলাফল দেখতে একটু সময় লাগবে। এখন যেন টাকা পাচার না হয়, সরকার সেই চেষ্টা করছে।
জুলাই সম্পর্কে কটূক্তি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটি মর্মান্তিক এবং অপ্রত্যাশিত। তবে জুলাই নিয়ে কটূক্তিকে এখন পর্যন্ত ক্রিমিনাল অফেন্স হিসেবে কোনো আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। জুলাইকে নিয়ে কটূক্তিকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হবে কিনা সমাজে এই আলাপ হওয়া দরকার। এই সরকার জুলাইয়ের সরকার। ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের মতো কারো প্রতি গায়ের জোরে কিছু করতে যায়নি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। চূড়ান্ত কিছু কাজ আছে, সেগুলো সম্পন্ন করা হচ্ছে। তবে ৫ আগস্টে চালু হওয়া নিয়ে কোনো বিভ্রান্তি নেই। আর বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করবে। কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে, পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করবেন। যেখানে যাওয়া কিংবা সম্পর্ক প্রয়োজন মনে করে সরকার সেটিই করবে।
আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই জানিয়ে ডা. জাহেদ বলেন, টাকা পয়সা দিয়ে খারাপ দেশে কিছু করে ফেলার সক্ষমতা আওয়ামী লীগের নেই। ভারতে বসে তারা যে কাজ করছে সেটি রাষ্ট্রীয় জায়গা থেকে ভারতকে আগেও বলা হয়েছে, আবার বলা হবে। আওয়ামী লীগের অনেকেই মামলার আসামি, সাজা হয়ে গেছে। তাদের বাংলাদেশে হস্তান্তর নিয়ে রাষ্ট্রীয়ভাবে নিয়মিত বলা হচ্ছে, সেটি চালিয়ে যাব।
