১২ দিনের ব্যবধানে এক উপজেলা থেকে পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ১২ দিনের ব্যবধানে একই দিনে তিন শিক্ষার্থীসহ মোট পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের সবার বয়স এগারো থেকে পনেরো বছরের মধ্যে। এ নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্য অভিভাবকদের মাঝেও উদ্বেগ বিরাজ করছে।

সোমবার (৮ জুন) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মে সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার পনেরো বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর, গত ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারের পাশের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসারশিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদ্রাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। আবার গত ৭ জুন দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ১১ বছর বয়সী ছেলে রাব্বানী, মানিক মিয়ার ১২ বছর বয়সী ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ১৩ বছর বয়সী ছেলে রাসেল নিখোঁজ হয়।

এদিকে স্থানীয় সূত্র জানায়, একসঙ্গে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ‘মাশরাফি ও ইসরাফিরের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর সাধারণ ডায়েরি করতে সোমবার তাদের অভিভাবকরা থানায় এসেছেন। শিশুদের উদ্ধারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’