ফাইনাল থেকে মাত্র এক পা দূরে ইংল্যান্ড আর আর্জেন্টিনা। তবে সেই মঞ্চে পা রাখতে হলে আগে নিজেদের সেরা প্রমাণ করতে হবে সেমিফাইনালের মঞ্চে। সেই লড়াইয়েই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর ইংল্যান্ড। দুই দলের লড়াইয়ের সঙ্গে মিশে আছে নানা ইতিহাস আর ঐতিহ্য। যেগুলো দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তির লড়াইকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবল কিংবা বিশ্বকাপের মঞ্চ– আর্জেন্টিনা-ইংল্যান্ডের দ্বৈরথ নতুন নয়। এর আগেও ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু পুরোনো সেই পরিসংখ্যানে কারা এগিয়ে?
পরিসংখ্যান অবশ্য কথা বলছে ইংল্যান্ডের পক্ষেই। আগের ১৪ বারের দেখায় ইংল্যান্ডের জয় ৬টি ম্যাচে। বিপরীতে, আর্জেন্টিনা জিতেছে ২টি ম্যাচ। আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের মঞ্চেও এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনা। সেখানেও এগিয়ে ইংল্যান্ড, তাদের জয় ২টি। বিপরীতে, আর্জেন্টিনার জয় একটি জয়। আর ২টি ম্যাচ ড্র হয়েছে। ২০০৫ সালে শেষ দেখায়ও ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড।
আজকের সেমিফাইনালের দ্বৈরথে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে পরিসংখ্যানটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে ফাইনালের মঞ্চে পা রাখার। বিপরীতে, আর্জেন্টিনা চাইবে সর্বশেষ দেখার প্রতিশোধ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে যেতে।
