২ বিদেশি নারীকে অপহরণ করে যৌন নিপীড়ন

পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং যৌন নিপীড়নের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ বাদী হয়ে মামলাটি করে। ঘটনার খবর প্রথম আসে দেশটির পুলিশ জরুরি সেবা ‘হেল্পলাইন-১৫’-এ। স্পেন থেকে ফোন করে এক নারীর বাবা এ ঘটনার কথা পুলিশকে জানান।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভুক্তভোগী দুই নারী নেদারল্যান্ড ও ভেনেজুয়েলার নাগরিক। তারা পাকিস্তানে তাদের ‘বন্ধুদের’ সঙ্গে দেখা করতে এসেছিলেন।

লাহোর পুলিশের ডিআইজি ফয়সাল কামরান জানান, খবর পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করা হয়, চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের স্থাপিত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

আয়াতুল্লাহ আলি খামেনির কফিন প্রকাশ্যে আনল ইরান
উদ্ধারের পর দুই বিদেশি নারীকে আদালতে একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য হাজির করা হয়। জবানবন্দি গ্রহণের সময় আদালতে ভুক্তভোগীদের পক্ষে একজন নারী আইনজীবী উপস্থিত ছিলেন।

ডিআইজি ফয়সাল কামরান বলেন, আমরা নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তাদের মামলার অগ্রগতি ও ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে অবহিত করেছি। নারীদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং তারা দ্রুত পাকিস্তান ত্যাগ করবেন। ঘটনাস্থল থেকে এক নিরাপত্তারক্ষী পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এফআইআরে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ আত্মীয়সহ পাঁচজন সন্দেহভাজন ওই দুই নারীকে অপহরণ করে। আটক অবস্থায় তাদের কাছ থেকে ১৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয় এবং এ সময় তাদের যৌন নিপীড়নের শিকার হতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে পাঞ্জাব সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর লাহোর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে দুই নারীকে উদ্ধার করে এবং চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া দুই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রাপ্ত আলামতের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।