রংপুরের বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় পৃথক ঘটনায় এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাত, পানিতে ডুবা ও সড়ক দুর্ঘটনায়। এ ছাড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ধানক্ষেত থেকে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গতকাল সোমবার ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির সময় বজ্রাঘাতে তাঁর গলা ও বুক ঝলসে যায়।
একই দিন সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া গ্রামে নিলয় কুণ্ডু (১৭) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ নিজবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা এলাকার অদূরে ভেটভেটির পাথারের। ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি
এর আগের দিন রোববার উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকায় শাহনাজ পারভীনের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
একইদিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডুর (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদের পাশে সড়ক থেকে সালেক উদ্দিন নাঈমের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
