যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুরে অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশীরা তার বাড়ির প্রাচীর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।
এদিকে, মঙ্গলবার (২৬ মে) সকালে রাশেদ খানের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ন্যায় বিচারের আশ্বাস দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টার দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ আরও উল্লেখ করা হয়, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ব্যাপারে রাশেদ খান জানান, অভিযুক্তরা এখনও তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
