এনপিসিএল ৪০ ওভার কাপের লিগ পর্বে হোয়ালি ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ৮৮ বলে ২৪৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাট ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে লংরিজ ক্রিকেট ক্লাব। তথ্য উইজডেনের।
ওয়ানডাউনে নেমে ডি ভিলিয়ার্স হাঁকান ২৩টি চার ও ২২টি ছক্কা। তার ঝোড়ো ইনিংসে ৪০ ওভারে ৪ উইকেটে ৪৪৭ রান তোলে লংরিজ। এটি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
তার ইনিংসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ৩৬তম ওভার। জশুয়া ডেনরিথের করা ওই ওভারের প্রতিটি বলেই ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের পাশাপাশি ওপেনার জশুয়া মুলিন ৪৮ বলে ৫০ এবং রাইস মরগান ৪৪ বলে ৬৩ রান করেন। এছাড়া চার নম্বরে ব্যাট করতে নেমে রব হলিংঘুর্স্ট যোগ করেন ৫৫ বলে ৫৩ রান।
হোয়ালির হয়ে বল করা আট বোলারের মধ্যে তুলনামূলক কম খরুচে ছিলেন শুধু এডওয়ার্ড বারো। তিনি ৮ ওভারে ৬৩ রান দিয়ে নেন ১ উইকেট।
৪৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হোয়ালি গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। দলের চার ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও কেউই ২০ রান করতে পারেননি। লংরিজের হয়ে হোয়াইটহেড ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট। উইকেটের পেছনেও অবদান রাখেন ডি ভিলিয়ার্স, নেন দুটি ক্যাচ।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র্সের হয়ে খেলেন ডি ভিলিয়ার্স। এছাড়া জোবার্গ সুপার কিংস তাকে ‘২০২৬ এসএ২০’ আসরের জন্য দলে ভিড়িয়েছে। সর্বশেষ আসরে ১১ ম্যাচে ১৫১ রান করেন তিনি।
চলতি বছরের মার্চে ‘সিএসএ প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ান’-এও দুর্দান্ত ফর্মে ছিলেন ডি ভিলিয়ার্স। বল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে ১৩৩ এবং আরেক ম্যাচে ১০১ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
