হঠাৎ একের পর এক গাড়ি বিস্ফোরণে প্রাণ হারাচ্ছেন ইসরাইলী নাগরিকরা

ইসরায়েলের মধ্যাঞ্চলে একদিনের মধ্যে পৃথক দুটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সর্বশেষ গাড়ি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার (২৬ মে) রাতে ওর আকিভা এলাকার কাছে। এতে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে একই দিনে উত্তরাঞ্চলীয় আফুলা শহরেও আরেকটি বিস্ফোরণে প্রাণ হারান ৩০ বছর বয়সী এক ব্যক্তি।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, মঙ্গলবার রাত ৮টা ৪ মিনিটে ওর আকিভা ইন্টারচেঞ্জের কাছে রুট-২ মহাসড়কে একটি গাড়ি বিস্ফোরণের খবর পায় তারা। পরে ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে গাড়ির ভেতরে গুরুতর আহত এক ব্যক্তিকে খুঁজে পায়। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের কারণে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে সংস্থাটি।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ জানায়, বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং আশপাশে ছোট আকারের ঝোপঝাড়েও আগুন ছড়িয়ে পড়ে। এরপর উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

ইসরায়েলি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি গ্যাং-সংঘর্ষ ঘিরে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এর কয়েক ঘণ্টা আগে উত্তরাঞ্চলের আফুলা শহরেও একই ধরনের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। সেখানেও বিস্ফোরণের পেছনে অপরাধমূলক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলে সংঘবদ্ধ অপরাধ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে আরব সম্প্রদায়ের মধ্যে এই সহিংসতার প্রভাব বেশি। তবে, ইহুদি নাগরিকরাও এর শিকার হচ্ছেন। ক্রমবর্ধমান বিস্ফোরণ ও সহিংসতায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরকারের সমালোচকরা দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং ইসরায়েল পুলিশের বিরুদ্ধে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। এছাড়া বিচারমন্ত্রী আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধেও সমালোচনা রয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে বিচার বিভাগে খালি থাকা বহু পদে নিয়োগ না দেয়ায় আইন প্রয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।