পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জানা গেছে, দীপেন দেওয়ানের মূল পদত্যাগপত্রে প্রধানমন্ত্রীর হাতে লেখা ‘গৃহীত হলো’ মন্তব্যের পাশাপাশি স্বাক্ষর ও তারিখ সংযুক্ত রয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চিঠিতে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বজায় রাখার স্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলা থেকে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তিনি দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় লাভ করে ব্যাপক আলোচনায় আসেন।
পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
